
মো. নুরুল করিম আরমান ।
ফের পাহাড় কেটে পরিবেশ বিপন্ন করার দায়ে বান্দরবান জেলার লামা উপজেলায় ১৩ ইটভাটা মালিককে ২৯ লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন। সোমাবার (৫ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত একটানা উপজেলার ফাইতং ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নতৃত্ব দেন- লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মঈন উদ্দিন ও বান্দরবান সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সারোয়ার হোসেন। এ সময় পরিবেশ অধিদপ্তরের বান্দরবান জেলার সহকারি পরিচালক নুর উদ্দিনসহ স্থানীয় পুলিশ ক্যাম্প সদস্যরা উপস্থিত ছিলেন। দন্ডপ্রাপ্ত ইটভাটাগুলো হলো- ইউবিএম-১, ইউবিএম-২, বিবিসি, এবিসি-২, এবিসি-৪, এসএসবি, এসবিডাব্লিউ, ৭বিএম, ৫বিএম, কেবিসি, এসএবি ও এমএইচবি।
জানা গেছে, লামা উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের বিভিন্নস্থানে অবৈধভাবে গড়ে উঠে ৩৯টি ইটভাটা। এর মধ্যে পৌরসভা এলাকায় ১টি, গজালিয়া ইউনিয়নে ১টি, ফাঁসিয়াখালী ইউনিয়নে ৩টি, সরই ইউনিয়নে ১টি ও ফাইতং ইউনিয়নে ৩৩টি রয়েছে। এসব ভাটায় ইট তৈরির জন্য কাঁচামাল হলো পাহাড়ের মাটি। ভাটার মালিকরা পাশ^বর্তী পাহাড় কেটে কাঁচামালের যোগান দিয়ে আসছে বছরের পর বছর। এতে গত কয়েক বছরে শতাধিক পাহাড় নিশ্চিহ্ন হয়ে বিবর্ণ হয়ে পড়ে প্রাকৃতিক পরিবেশ। স্থানীয় প্রশাসন পাহাড় কাটা রোধে নিয়মিত অভিযান চালিয়ে ছয়টি অবৈধ ইটভাটা ধ্বংস করার পাশাপাশি বিভিন্ন সময় কয়েক কোটি টাকা জরিমানা, ইটভাটা মালিককে কারাদন্ড ও পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে মামলা করা হলেও বন্ধ হয়নি ভাটার জন্য পাহাড় কেটে মাটি যোগান। এক পর্যায়ে সোমাবার সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ফাইতং ইউনিয়নে অভিযান পরিচাঃলনা করেন প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
এ সময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(খ) ধারা লংঘনে ১৫(১)(৫) ধারা এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন, ২০১৩ এর ১৫ ধারায় ১৩ ইটভাটা মালিককে ২৯ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহি অফিসার মো. মঈন উদ্দিন।
এর আগেও অবৈধভাবে ইটভাটা পরিচালনা, পাহাড় কর্তনের মাধ্যমে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের বান্দরবান জেলা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নুর উদ্দিন বাদী হয়ে ১৪ সেপ্টেম্বর দিনগত রাতে ফাইতং ইউনিয়নের ৫ ইটভাটা মালিকের বিরুদ্ধে মামলা করেন।
পাহাড় কাটার দায়ে ফাইতং ইউনিয়নের ১৩ ইটভাটা মালিককে জরিমানার করার সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন বলেন, কোনভাবেই পরিবেশ ধ্বংস করে ইটভাটা করতে দেওয়া হবেনা। পরিবেশ বিধ্বংসীকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।