বান্দরবান জেলার লামা উপজেলার সরই ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে প্রধান শিক্ষক-শিক্ষিকাদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সরকারি তথ্য অফিসার মোঃ রাশেদুল হক রাসেদ এসব বিতরণ উদ্ভোধন করেন। ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম, সদস্য আহমদ আলী, মোহাম্মদ হোসেন ও খালেদা বেগম, পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মংক্যচিং মার্মা প্রমুখ উপস্থিত ছিলেন।
বান্দরবান ৩০০নং আসনের এমপি সাচিংপ্রু জেরীর সহায়তায় বিতরণকৃত ক্রীড়া সামগ্রীর মধ্যে ছিল ফুটবল, ক্রিকেট ব্যাট, স্টাম্প, ক্রিকেট বল, টেপ বল, জার্সি-প্যান্ট, ব্যাডমিন্টন র্যাকেট, ব্যাডমিন্টন নেট, কর্ক, ফুটবল ও ক্রিকেট কিপিং গ্লাভসসহ বিভিন্ন খেলাধুলার উপকরণ।
বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শিক্ষার্থীদের সুস্থ জীবনধারা গড়ে তোলার পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব, আত্মবিশ্বাস ও দলগত চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকারের ক্রীড়া উন্নয়ন কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের খেলাধুলামুখী করে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।