1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
লামায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস অনুষ্ঠিত লামায় ‘৮নং ইয়াংছা ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, গণশুনানি অনুষ্ঠিত লামায় বিপন্ন প্রজাতির বৃক্ষ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ লামায় মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান, জিও ব্যাগেও ঠেকছে না ভাঙন, ভাঙ্গন রোধে ব্লক স্থাপনের দাবী এলাকাবাসীর আলীকদমে ডিজিটাল যুগেও বিচ্ছিন্ন কুরুকপাতা জেলা পরিষদে সদস্য না রাখায় ক্ষোভ, লামায় সড়ক অবরোধ করে এলাকাবাসীর মানববন্ধন লামায় প্রশাসনের অভিযান : এক ব্যবাসয়ীকে জরিমানা, বিপুল বালু জব্দ লামায় ভীমরুলের কামড়ে বৃদ্ধার মৃত্যু আজ শনিবার লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী মিয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী লামায় বসুন্ধরা শুভ সংঘ’র প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেল ২০ অস্বচ্ছল নারী

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে লণ্ডভণ্ড রোয়াংছড়ি: ফসলের ব্যাপক ক্ষতি, দেবতাকুম বন্ধ ঘোষণা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

সাথোয়াই অং মারমা, রোয়াংছড়ি |  

বান্দরবানের রোয়াংছড়িতে টানা কয়েক দিনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের তীব্র আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। অবিরাম বৃষ্টির ফলে তলিয়ে গেছে ফসলের মাঠ, ধসে পড়েছে গুরুত্বপূর্ণ সড়ক এবং ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় অবকাঠামো। পাহাড়ি ঢলের তোড়ে গ্রামীণ পথঘাট ভেঙে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন উপজেলার হাজার হাজার মানুষ।

গত শুক্রবার (১৭ জুলাই) সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ১নং রোয়াংছড়ি, ২নং তারাছা, ৩নং আলেক্ষ্যং এবং ৪নং নোয়াপতং ইউনিয়নের সড়ক যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে রোয়াংছড়ি সদর থেকে কচ্ছপতলি পর্যটন কেন্দ্রে যাওয়ার প্রধান সড়কসহ বিভিন্ন গ্রামীণ রাস্তাঘাট ঢলের তোড়ে ভেঙে গেছে। একাধিক কালভার্ট, সেতুর সংযোগ সড়ক এবং সরকারি-বেসরকারি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে, এই ভয়াবহ পরিস্থিতি অতীতের অনেক দুর্যোগের রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

এই প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকেরা। মাঠজুড়ে থাকা আমন ধান, সবজি ও বিভিন্ন মৌসুমি ফসল পানিতে তলিয়ে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। চোখের সামনে মাসের পর মাস করা হাড়ভাঙা খাটুনির ফসল হারিয়ে কৃষকেরা এখন দিশেহারা। দীর্ঘমেয়াদে এই ক্ষতির প্রভাব স্থানীয় কৃষি ও অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত কাঁচামাল ব্যবসায়ী মো. জাফর আলম বলেন, “টানা বৃষ্টির কারণে এবার আমার বিপুল লোকসান হয়েছে। বৃষ্টির আগে চুক্তি করে কিনে রাখা আমবাগানগুলো সব নষ্ট হয়ে গেছে। প্রচুর আম ঝরে পড়েছে, যা মাটিতে পড়ে নষ্ট হওয়ায় আর বিক্রি করা যাবে না। এতে আমার লাখ লাখ টাকার ক্ষতি হলো।”

যোগাযোগের বেহাল দশা নিয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য নাংফ্রা খুমী জানান, বান্দরবান-রুমা সড়ক থেকে সংযোগ সড়ক হয়ে অংতং পাড়া ও ক্যছালং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় যাওয়ার রাস্তাটি সম্পূর্ণ ভেঙে গেছে। এটি তারাছা ইউনিয়নের ৬টি খুমী পাড়া এবং ৩টি ম্রো পাড়ার বাসিন্দাদের যাতায়াতের একমাত্র নির্ভরযোগ্য পথ ছিল। তিনি বলেন, “সড়কটি মেরামতের জন্য বিগত ২০২৫-২৬ অর্থবছরে জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে আবেদন করা হয়েছিল। কিন্তু প্রকল্পটি এখনো আলোর মুখ দেখেনি। জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে আগামী ২০২৬-২৭ অর্থবছরে সড়কটি সংস্কারের জন্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়েছে। আমরা আশাবাদী, কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিয়ে এলাকাবাসীর মুখে হাসি ফোটাবে।”

এদিকে উদ্ভূত পরিস্থিতির কারণে নিরাপত্তার স্বার্থে রোয়াংছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটন স্পট ‘দেবতাকুম’-এ পর্যটকদের যাতায়াত আগামী ২০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজমিন আলম তুলি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে এবং দুর্গত মানুষের পাশে দাঁড়াতে ত্রাণ ও জরুরি সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

স্থানীয়দের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এ অঞ্চলে অস্বাভাবিক বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের প্রকোপ দিন দিন বাড়ছে। তাই ভবিষ্যতে এ ধরনের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, টেকসই অবকাঠামো নির্মাণ এবং কার্যকর দুর্যোগ ব্যবস্থাপনা গড়ে তোলা অত্যন্ত জরুরি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট