
লামা (বান্দরবান) প্রতিনিধি
পাহাড় থেকে সমতল পর্যন্ত তনু, রামিসা, আছিয়া ও চিংমা খিয়াংসহ সকল গুম, খুন, ধর্ষণ ও বলাৎকারের বিচারের দাবিতে বান্দরবান জেলার লামা উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) সকাল বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ ছাত্র ফেডারেশন’র লামা উপজেলা শাখা।
বাংলাদেশ ছাত্র ফেডারেশন লামা উপজেলা শাখার সহ-সভাপতি জয় ত্রিপুরার সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক জৈবা ত্রিপুরার সঞ্চালনায় সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ফেডারেশবান্দরবান জেলা শাখার সংগঠক জাহেদুল ইসলাম এবং গণসংহতি আন্দোলন উপজেলা শাখার সমন্বয়কারী ফরিদ উদ্দিন।
বক্তারা বলেন, তনু থেকে শুরু করে রামিসা, আছিয়া কিংবা পাহাড়ি জনপদের চিংমা খিয়াং- কারও হত্যাকাণ্ডেরই আজ পর্যন্ত সুষ্ঠু বিচার নিশ্চিত হয়নি। পাহাড় কিংবা সমতল, কোথাও আজ নারী ও শিশুরা নিরাপদ নয়। গুম, খুন, ধর্ষণ ও বলাৎকারের মতো জঘন্য অপরাধের বিচারহীনতার সংস্কৃতির কারণেই অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে।
সমাবেশ থেকে অবিলম্বে সকল গুম, খুন ও ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। অন্যথায় ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে দেশব্যাপী আরও তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন ছাত্রনেতারা।
বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ ছাত্র ফেডারেশন ও গণসংহতি আন্দোলনের স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।