বান্দরবানের হোটেল-রেস্তোরাঁর লাইসেন্স ও নবায়ন ৩১ অক্টোবরের মধ্যে বাধ্যতামূলক
প্রতিনিধির নাম :
প্রকাশিত:
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
৬১
বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান ।
বান্দরবান পার্বত্য জেলার পর্যটন খাতকে আরো সুশৃঙ্খল, মানসম্মত ও পর্যটন-বান্ধব করতে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। জেলার সকল হোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁকে আগামী ৩১ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়াকরণ সম্পন্ন করে লাইসেন্স গ্রহণ কিংবা নবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।
গত ৭ অক্টোবর ২০২৬ তারিখে বান্দরবানের জেলা প্রশাসক মোঃ সানিউল ফেরদৌসের স্বাক্ষর করা এক গণবিজ্ঞপ্তিতে এই সংক্রান্ত জরুরি নির্দেশনা জারি করা হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪’ এবং ‘বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ বিধিমালা, ২০১৬ (সংশোধিত ২০১৯) অনুযায়ী নির্দিষ্ট মানদণ্ড মেনে নিবন্ধিত ও লাইসেন্সধারী হয়ে ব্যবসা পরিচালনা করা বাধ্যতামূলক। নিবন্ধন ছাড়া বা যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে ব্যবসা পরিচালনা করা আইনত দণ্ডনীয় অপরাধ।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে উপযুক্ত মানদণ্ড নিশ্চিত করতে ব্যর্থ হলে কিংবা অনিবন্ধিত ও লাইসেন্সবিহীন অবস্থায় হোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁ পরিচালনা করা হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনস্বার্থে জারি করা এই নির্দেশের অনুলিপি চট্টগ্রাম বিভাগের কমিশনার, মন্ত্রিপরিষদ বিভাগ, পর্যটন মন্ত্রণালয়, স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার এবং বান্দরবান হোটেল-রিসোর্ট ও রেস্তোরাঁ মালিক সমিতিসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে।
জেলা প্রশাসনের এই উদ্যোগকে বান্দরবানের পর্যটন শিল্পে শৃঙ্খলা আনয়ন এবং পর্যটকদের সেবার মান বৃদ্ধির ক্ষেত্রে একটি সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন সচেতন মহল।