
লামা প্রতিনিধি।
‘ডিজিটাল যুগে তথ্যের বিশ্বাসযোগ্যতা বজায় রাখা: তথ্য বিশৃঙ্খলা মোকাবেলায় তথ্য অধিকারের ভূমিকা’ -এ শ্লোগানকে প্রতিপাদ্য করে বান্দরবান জেলার লামা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’২৬ পালন করা হয়েছে। বেসরকারী সংস্থা গ্রাম উন্নয়ন সংগঠন’র (গ্রাউস) এম্পাওয়ারমেন্ট প্রকল্পের উদ্যোগে সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার রুপসীপাড়া ইউনিয়ন পরিষদে দিবসটি পালন করা হয়।
এ উপলক্ষ্যে নাগরিকতা: সিভিক এনগেইজমেন্ট ফান্ড’র (সিইএফ) অর্থায়নে আয়োজিত র্যালি শেষে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন, সহকারি তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় লামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল করিম আরমান, দরদরী মৌজা হেডম্যান মংছাইন থুই চৌধুরী, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মানিক বড়ুয়া ও প্রকল্পের সহকারি প্রকল্প কর্মকর্তা মেহেরুন্নেছা বিশেষ অতিথি ছিলেন। এতে দিবসটির ধারণা পাঠ করেন প্রকল্পের সিসিএম সদস্য এখিনু মার্মা। বিমানন্দ বড়ুয়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন।
আলোচনায় বক্তারা বলেন- তথ্য জানা শুধু একটি প্রয়োজন নয়, এটি নাগরিক অধিকার। সঠিক, নির্ভরযোগ্য সময়োপযোগী ও সহজবোধ্য তথ্য নাগরিককে সচেতন সিদ্ধান্ত নিতে, অধিকার দাবি করতে, জনসেবায় অংশ গ্রহণ করতে এবং সরকারি প্রতিষ্ঠানের কাজে জবাবদিহিতা চাইতে সক্ষম করে। বক্তারা আরো বলেন, ডিজিটাল যুগে তথ্য হাতে নাগালে এসেছে। একই সঙ্গে ভুল, বিভ্রান্তিকর ও অসম্পূর্ণ তথ্য দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকিও বেড়েছে। তাই তথ্য পাওয়া যেমন গুরুত্বপূর্ণ, তেমনি তথ্যের উৎস্য যাচাই করা, প্রেক্ষাপট বোঝা এবাং যাচাই না করে তথ্য শেয়ার না করাও আমাদের দায়িত্ব। এছাড়া পার্বত্য চট্টগ্রামসহ প্রত্যন্ত ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য তথ্যেও সহজপ্রাপ্যতা, ডিজিটাল সক্ষমতা এবং তথ্য যাচাইয়ের সুযোগ আরও গুরুত্বপূর্ণ।