
মো. নুরুল করিম আরমান, লামা (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবান জেলার লামা উপজেলার পাহাড়ি এলাকা থেকে হাত পা বাঁধা অবস্থায় সগীর হোসেন (৩৭) নামে এক ব্যক্তির উলঙ্গ লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি ছমাইছড়ি পাড়া সংলগ্ন গভীর জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়। সগীর হোসেন রুপসীপাড়া ইউনিয়নের ছমাইছড়ি পাড়ার বাসিন্দা মৃত ফরাদিন আহমেদ’র ছেলে। শনিবার দিনগত রাতের কোন এক সময় দুর্বৃত্তরা সগীর হোসেনকে হাত পা বেঁধে হত্যা করে পালিয়ে যায় বলে ধারনা স্থানীয়দের।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার রুপসীপাড়া বাজার-শীলেরতুয়া সড়কের পাশের গভীর জঙ্গলের ভিতর রবিবার দুপুর ১২টার দিকে কিছু জুমিয়া একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ প্রাথমিক সূরতহাল শেষে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর মর্গে প্রেরণ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ কাইছার হামিদ বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকান্ড বলে মনে হচ্ছে। আশা করি তদন্তে সত্যতা বেরিয়ে আসবে। সে লক্ষ্যে পুলিশ কাজ করছে।