
আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে এক অনন্য গৌরব বয়ে এনেছে মানহা বিনতে মঈন নামের এক খুদে জিনিয়াস। মানহা বিনতে মঈন বান্দরবান জেলার লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মঈন উদ্দিন’র কন্যা। গত ২৬ জুলাই থাইল্যান্ডের পাতায়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক এবাকাস প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে গৌরবময় সিলভার মেডেল (রৌপ্য পদক) জয় করেন মানহা।
এর আগে, ‘স্মার্ট ব্রেইন বাংলাদেশ’ আয়োজিত জাতীয় পর্যায়ের এবাকাস প্রতিযোগিতায় অংশ নিয়ে মানহা সারা বাংলাদেশের মধ্যে ৭ম স্থান অর্জন করেন। জাতীয় স্তরের এই চোখধাঁধানো সাফল্যের ওপর ভর করেই মানহা আন্তর্জাতিক মেগা মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার গৌরবময় টিকিট পান।
থাইল্যান্ডের বিশ্বমঞ্চে লাল-সবুজের পতাকাকে উঁচিয়ে ধরে দেশের জন্য এই আন্তর্জাতিক সম্মান বয়ে আনায় লামাসহ দেশজুড়ে বইছে আনন্দের বন্যা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় সুধীমহলে প্রশংসায় ভাসছে এই কৃতী শিক্ষার্থী। মানহা বিনতে মঈন-এর এ অনন্য অর্জনে লামা উপজেলার সর্বস্তরের মানুষ ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে এবং তার পরিবারকে অভিনন্দন জানান। সকলেই এই মেধাবী শিশুর মেধা ও পরিশ্রমের প্রশংসা করে তার উত্তরোত্তর সাফল্য এবং আগামীতে দেশের নাম আরও উঁচুতে নিয়ে যাওয়ার জন্য শুভকামনা ব্যক্ত করেছেন।
এ বিষয়ে ক্রীড়াবিদ চৌধুরী মোহাম্মদ সুজন বলেন, মানহা থাইল্যান্ডের বিশ্বমঞ্চে লাল-সবুজের পতাকাকে উঁচিয়ে ধরে দেশের জন্য আন্তর্জাতিক সম্মান বয়ে এনেছেন। তার কারনে আজ লামা আন্তর্জাতিকভাবে পরিচিতি লাভ করেছে। লমাাবাসীর পক্ষ থেকে মানহা’কে অভিনন্দন।