
মো. নুরুল করিম আরমান |
শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষাবান্ধব পরিবেশ আরও সমৃদ্ধ করার লক্ষ্যে সারা দেশের মত বান্দরবান জেলার লামা উপজেলার নুনারবিল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়েও আগামী তিন বছরের জন্য নিয়মিত পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে আশ্রাফুল ইসলাম সাহেদ ও সহ-সভাপতি পদে রুনা আয়না রশিদ (মুনমুন) নির্বাচিত হন। ১২ সদস্যবিশিষ্ট কমিটি গঠনের নিয়ম থাকলেও জমি দাতা ও জনপ্রতিনিধি না থাকায় নতুন ১০ সদস্যের কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যরা হলেন- মো. জাহাঙ্গীর আলম খান, সাফায়েত হোসেন, মো. শাহীন, হামিদা আকতার, সুইকাচিং মার্মা, আমেনা বেগম, তন্বী দাশ গুপ্তা। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদ ছরোয়ার পদাধিকার বলে সদস্য সচিব নির্বাচিত হন। বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে এ পরিচালনা কমিটি গঠন করা হয়। নির্বাচন শেষে নব নির্বাচিতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষক ও অভিভাবকরা।
কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিটির সদস্য সচিব জাহেদ ছরোয়ার জানান, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
কমিটির নব-নির্বাচিত সহ-সভাপতি রুনা রশিদ আয়না অভিমত ব্যক্ত করে বলেন, বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষার্থীদের পাঠদানে আরও কার্যকর পরিবেশ নিশ্চিতকরণ, অবকাঠামোগত উন্নয়ন এবং অভিভাবকদের অংশগ্রহণ বৃদ্ধিসহ শিক্ষার্থীদের কল্যাণে সকল সদস্যকে সঙ্গে নিয়ে কাজ করব। এ জন্য সকলের সহযোগিতা কামনা করছি। এদিকে উপজেলার অন্যসব বিদ্যালয়গুলোতেও পরিচালনা কমিটি গঠন কার্যক্রম চলছে বলে জানান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ^াস। তিনি বলেন, কমিটি গঠন হলে উপজেলায় শিক্ষার মান বাড়বে।