
লামা প্রতিনিধি |
আসন্ন পৌরসভা নির্বাচনে বান্দরবান জেলার লামা পৌরসভার মেয়র পদে ডা. মাওলানা শফিকুর রহমানকে প্রার্থী ঘোষণা করেছেন ইসলামিক রাজনৈতিক দল ‘বাংলাদেশ খেলাফত মজলিস’। দলটির কেন্দ্রীয় কমিটির আমীর শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক লামা পৌর বাস টার্মিনালে গত ৩ সেপ্টেম্বর বিকালে অনুষ্ঠিত নাগরিক সমাবেশে আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করেন।
এ সময় দলের কেন্দ্রীয় কমিটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাইদ নোমান ও বান্দরবান দক্ষিণ জেলার সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ তৈয়ব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
লামা পৌরসভা এলাকার চেয়ারম্যান পাড়ার বাসিন্দা আলী আহমদ’র ছেলে ডা. মাওলানা শফিকুর রহমান বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় শুরা সদস্য ও বান্দরবান দক্ষিণ জেলা কমিটির সেক্রেটারির দায়িত্ব পালন করছেন। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়ার আলমশাহ্ পাড়া আলীয়া মাদ্রাসা থেকে কামিল ফিকাহ্ পাশ করেন। পেশায় একজন হোমিওপ্যাথিক চিকিৎসক। এর পাশাপাশি তিনি পৌরসভা এলাকার মধুঝিরি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব পদে নিয়োজিত আছেন।
এ বিষয়ে ডা. মাওলানা শফিকুর রহমান বলেন- ইনসাফ ভিত্তিক নাগরিক সেবা, সামাজিক নিরাত্তা, সুবিচার ও নারী সমাজের বিশেষ মর্যাদা প্রতিষ্ঠিত করার লক্ষে নির্বাচনে প্রার্থী হবো ইনশাল্লাহ।