প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৭, ২০২৬, ১০:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৭, ২০২৬, ৯:৫৪ এ.এম
ইয়াংছা উচ্চ বিদ্যালয়ে অভিভাবকদের নিয়ে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময়
বান্দরবানের লামা উপজেলার ইয়াংছা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী-২০২৭ ও নবম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টার সময় ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুপেশ চন্দ্র দে এর সঞ্চালনায় প্রধান শিক্ষক মোঃ মুফিজ উদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বৃহত্তর ০৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জাকের হোসেন মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ৭ নং ইউপি সদস্য মোঃ আব্দুসালাম, ফাঁসিয়াখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ আবু বক্কর, হায়দারনাশী গ্রামার স্কুল এর অধ্যক্ষ মোঃ ফরিদুল আলম বাবলু, মোঃ জসিম উদ্দিন, আইয়ুব আলী সদাগর।
সভায় শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি, পরীক্ষার প্রস্তুতি, শৃঙ্খলা, নৈতিক শিক্ষা এবং শিক্ষার্থীদের সার্বিক ফলাফল ও শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উপস্থিত বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নে শুধু শিক্ষক বা বিদ্যালয় কর্তৃপক্ষের একক প্রচেষ্টা যথেষ্ট নয়। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, বিদ্যালয়ে উপস্থিতি ও শৃঙ্খলা নিশ্চিত করার পাশাপাশি অভিভাবকদেরও সন্তানদের প্রতি নিয়মিত নজর রাখতে হবে। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই কাঙ্ক্ষিত শিক্ষার পরিবেশ তৈরি করা সম্ভব।
বিশেষ করে আসন্ন এসএসসি পরীক্ষা-২০২৭ সামনে রেখে শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের মোবাইল ফোন ও অনলাইনভিত্তিক অপ্রয়োজনীয় কর্মকাণ্ড থেকে দূরে রেখে পড়াশোনা ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সংশ্লিষ্টরা। সভায় শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে ভবিষ্যতে শিক্ষক-অভিভাবকদের মধ্যে আরও ঘনিষ্ঠ সমন্বয় ও যোগাযোগ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়
উপদেষ্টা সম্পাদক : সাংবাদিক প্রিয়দর্শী বড়ুয়া, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন সম্পাদক : ফয়সাল আজিজ
কার্যালয় : লামা প্রেসক্লাব ভবন (২য় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, লামা, বান্দরবান পার্বত্য জেলা, মোবাইল : ০১৭৫০৪৪৪৯৯৬.
ই-মেইল : paharerkatha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত