লামা প্রতিনিধি |
বান্দরবান জেলার লামা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম ও তিন সদস্যের বিরুদ্ধে বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ফজর আলী ও আরিফসহ তিন ব্যক্তি এ অভিযোগ করেন। অনিয়মের প্রতিকার চেয়ে বুধবার (৫ আগস্ট) উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগও করেন তারা। এতে অন্য অভিযুক্তরা হলেন- পরিষদের ৩, ৪, ৫ নং ওয়ার্ড সদস্য।
অভিযোগে উল্লেখ করা হয়, সাম্প্রতিক ভারী বর্ষণের কারণে লামা সদর ইউনিয়নের বিভিন্ন স্থানে পাহাড় ধসে ও পাহাড়ি ঢলের কারণে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পরে প্রশাসনের নির্দেশে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুত করে ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ। পরবর্তীতে তালিকায় অন্তর্ভুক্ত ক্ষতিগ্রস্তদের মাঝে ইউনিয়ন পরিষদের মাধ্যমে চাল বিতরণ করে প্রশাসন। জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রতি পরিবারের জন্য ২০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হলেও তালিকায় থাকা অধিকাংশ ভুক্তভোগী পরিবারই তাদের প্রাপ্য চাল পায়নি। পরিষদের ৩, ৪ ও ৫ নং ওয়ার্ড সদস্যদের সরাসরি যোগসাজশে প্রকৃত ক্ষতিগ্রস্তদের বঞ্চিত করে চাল আত্মসাৎ করা হয়েছে।
তালিকায় নাম থাকার পরেও চাউল পায়নি বলে জানান ভুক্তভোগী নুরুল ইসলাম, দিপু নাথ ও আরিফ। তারা বলেন, চাউল চাইতে গেলে চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম কিছু না বলেই চলে যান।
অভিযোগকারী ফজর আলী ও আরিফ এক সূরে বলেন, ত্রাণের চাউল বিতরণে অনিয়ম ও আত্নসাতের বিষয়ে পর্যাপ্ত সাক্ষী রয়েছে। দরিদ্র ও অসহায় মানুষের হক যারা এভাবে নষ্ট করে, তাদের দ্রুত তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাই।
তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত লামা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বলেন, চাউল বিতরণের সময় অভিযোগকারী ফজর আলী অনৈতিক সুবিধা না পেয়ে অনিয়মের অভিযোগ তুলে বিভ্রান্তির চেষ্টা করছেন মাত্র। চাউল বিতরণে কোন ধরণের অনিয়ম বা চাউল আত্নসাৎ হয়নি। যথাযথভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।
এ বিষয়ে লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মঈন উদ্দিন জানান, তদন্ত করে ত্রান বিতরণে অনিয়মের সত্যতা পাওয়া পেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উপদেষ্টা সম্পাদক : সাংবাদিক প্রিয়দর্শী বড়ুয়া, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন সম্পাদক : ফয়সাল আজিজ
কার্যালয় : লামা প্রেসক্লাব ভবন (২য় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, লামা, বান্দরবান পার্বত্য জেলা, মোবাইল : ০১৭৫০৪৪৪৯৯৬.
ই-মেইল : paharerkatha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত