লামা প্রতিনিধি |
বান্দরবান জেলার লামা উপজেলায় দরিদ্র জনগোষ্ঠীর মানুষের চোখের সুচিকিৎসা নিশ্চিত করতে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৮ এপ্রিল (শনিবার) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে এ চিকিৎসা সেবা ক্যাম্প পরিচালিত হয়। এতে ২৩৫ জন চিকিৎসা সেবা গ্রহণ করেন।
লামা উপজেলা প্রশাসনের আয়োজনে ও চট্টগ্রাম গ্রামীণ চক্ষু হাসপাতালের কারিগরি সহযোগিতায় এ চক্ষু সেবা অনুষ্ঠিত হয়। ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান করেন প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডা. মো. আবুল কাসেম এবং ডা. মোহাম্মদ শফিকুল ইসলাম। সকাল থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশ নারী-পুরুষ ও শিশু চক্ষু সেবা নিতে ভিড় জমায়। বিশেষজ্ঞ চিকিৎসকরা আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে রোগীদের চোখ পরীক্ষা করেন।
উপজেলা প্রশাসনের এ মানবিক উদ্যোগের ভূয়শী প্রশংসা করে সেবাগ্রহীতারা জানান, স্থানীয় পর্যায়ে এ ধরনের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার সুযোগ অত্যন্ত সহায়ক হয়েছে। বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর জন্য এই ক্যাম্প বড় ধরনের সুবিধা বয়ে এনেছে।
এ বিষয়ে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন বলেন, উপজেলার দরিদ্র জনগোষ্ঠীর কথা চিন্তা করে চক্ষু সেবার জন্য চট্টগ্রাম গ্রামীণ চক্ষু হাসপাতালের সহযোগিতায় এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, তিনি এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত উদ্যোগে বেশির ভাগ ওষুধের ব্যবস্থা করা হয়েছে।
উপদেষ্টা সম্পাদক : সাংবাদিক প্রিয়দর্শী বড়ুয়া, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন সম্পাদক : ফয়সাল আজিজ
কার্যালয় : লামা প্রেসক্লাব ভবন (২য় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, লামা, বান্দরবান পার্বত্য জেলা, মোবাইল : ০১৭৫০৪৪৪৯৯৬.
ই-মেইল : paharerkatha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত